জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে সরে আসার সিদ্ধান্ত জানালেও অভিন্ন ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার ‘সুযোগ নেই’বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি জানিয়েছে, কমিশনে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির সভায় জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একটি অভিন্ন ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে বলে জানানো হয়।
সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরুর নির্দেশনা দিয়েছে ইউজিসি। ভর্তি পরীক্ষা প্রক্রিয়া সহজ ও শিক্ষার্থীবান্ধব করা এবং এবারের গুচ্ছ ভর্তি যেন অনন্য হয় সে বিষয়ে আয়োজকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কোভিড মহামারীর সময়ে ভর্তিচ্ছুদের দুর্ভোগ এড়াতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু হয়। শুরুতে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আসে। পরবর্তীকালে ২২টি বিশ্ববিদ্যালয় সাধারণ গুচ্ছে অংশ নেয়।
শুরু থেকে গুচ্ছ পদ্ধতির নেতৃত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবার এই প্রক্রিয়ায় না থাকার জোর দাবি তোলে। তাদের মত, এতে তারা কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাচ্ছিলেন না। এরপর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলও গুচ্ছ থেকে বেরিয়ে আসার পক্ষে সিদ্ধান্ত জানায়।





