প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে। এ উপলক্ষে সকাল ১০টায় গণভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন।

এরপর দুপুর ১২টায় মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে মন্ত্রী ফল তুলে ধরবেন।

বুধবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব বিষয় জানানো হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস রোধে প্রথমবারের মতো এবার সারাদেশে আট সেট প্রশ্নপত্রে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় গত ২২ নভেম্বর।

এবারের পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এ বছর প্রাথমিক সমাপনীতে ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন ছাত্র ও ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ জন ছাত্রী অংশ নিয়েছে। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৯৫৩ জন বেশি।

আর ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে এ বছর ১ লাখ ৬০ হাজার ৫৬১ ছাত্র ও ১ লাখ ৪৪ হাজার ৮৯০ জন ছাত্রী অংশ নিয়েছে। তবে এখানে ছাত্রীর তুলনায় ছাত্র বেশি ১৫ হাজার ৬৭১ জন।

গত বছর সমাপনীতে অংশ নেয় মোট ৩০ লাখ ৯৫ হাজার ৩২১ জন পরীক্ষার্থী। সেই তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৯৩ জন।

এআই