সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহতের পর বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এছাড়া ছেলেদের বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যে এবং ছাত্রীদের শুক্রবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া।
সকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় সুমন নামে একজনের মৃত্যু হয়। নিহত সুমন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আধিপত্য বিস্তার, নতুন কমিটির বিরুদ্ধাচারণ ও হল দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দু’গ্রুপের মধ্যে ভয়াবহ এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দু তিনশ’জনের বহিরাগত একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ক্যাম্পাসে প্রবেশ করে।
এর আগে সকালে ছাত্রাবাসে ব্যাপক ভাঙচুর করে সুমন-নাঈম গ্রুপ।
হামলাকারীরা শাহপরান হলে অন্তত ৪০টি কক্ষ ভাঙচুর করে। একই সময়ে তারা দ্বিতীয় ছাত্র হলেও ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান- সকাল সাড়ে ১০টার দিকে সুমন ও নাঈম গ্রুপের ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে ব্যাপক ভাঙচুর করে। একই সময়ে তাদের পক্ষের লোকজন দ্বিতীয় ছাত্র হলেও ভাঙচুর চালায়। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে হল ছেড়ে পালায়।
ক্যাম্পাস সূত্র জানায়, আগে হলগুলো ছাত্রলীগের উত্তম ও অঞ্জনের দখলে ছিল। সম্প্রতি পার্থকে সভাপতি করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটির বিরুদ্ধাচারণ করে সুমন-নাঈম গ্রুপের ছাত্রলীগ কর্মীরা। এরই জের ধরে বৃহস্পতিবার তারা ভাঙচুরের ঘটনা ঘটায়।
জেএ





