বিশিষ্ট শিক্ষাবিদ, শায়খুল হাদীস অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেছেন, অহি ভিত্তিক দ্বীনি শিক্ষার অভাবে সামাজিক অবক্ষয় মহামারি আকার ধারণ করেছে। কুরআন সুন্নাহর যথার্থ জ্ঞান ও ইসলামী মূল্যবোধের বাস্তব অনুশীলনই আদর্শ সমাজ গড়তে পারে।  

আজ (২১ জুলাই) রোববার বিকাল ৩টায় দাখিল ‘এ’ প্লাস (২০১৮) প্রাপ্তদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।  

তামিরুল মিল্লাত ট্রাস্টের সহযোগিতায় ও কুরআন রিচার্স এন্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- তামিরুল মিল্লাত কামিল মাদরাসার (মিরহাজীরবাগ) প্রিন্সিপাল ড. মাওলানা আবু ইউসুফ খান, মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল গফ্ফার মক্কী, মাওলানা তোফাজ্জল হোসাইন, মাদরাসা ছাত্র সংসদের ভিপি মোঃ আলাউদ্দীন প্রমুখ।

বর্ষিয়ান আলেমে দ্বীন যাইনুল আবেদীন বলেন, যারা ‘এ’প্লাস পেয়ে কৃতিত্বের পরিচয় দিয়েছে তাদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে যোগ্য আলেম রূপে গড়ে তুলতে পারলে দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ গড়তে তারা বিশেষ অবদান রাখতে পারবে। সমাজে সত্যিকার আমলদার আলেমদের বড়ই অভাব! তোমাদেরকে এখন থেকেই আলেম হওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। তোমাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। ভালো আলিম হয়ে সমাজের কাঙ্খিত ভুমিকা পালন করতে হবে।  

ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, কুরআনী শিক্ষা ও অহি ভিত্তিক দ্বীনি ইল্ম চর্চায় আমাদেরকে আরো আন্তরিক হওয়া জরুরী। ইদানিং নারী নির্যাতন, ইভটিজিং, খুন, গুম, ছিনতাই, ধর্ষনসহ নানা ধরনের দুর্নীতি ও সামাজিক অবক্ষয় মহামারি আকার ধারণ করেছে। একমাত্র দ্বীনি শিক্ষাই এসকল অপরাধ থেকে সমাজকে মুক্ত করতে পারে। তাই ইসলামী শিক্ষার সর্বচ্চো ডিগ্রি অর্জনের জন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা একান্ত জরুরী। অন্যথায় দিন দিন দেশ আলেম শূন্য হয়ে পড়বে। রসাতলে যাবে সভ্যতা, সংস্কৃতি ও সমাজ।

প্রিন্সিপাল ড. মাওলানা আবু ইউসুফ খান বলেন, আদর্শ আলেম তৈরীর লক্ষ্যে আমাদেরকে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা জরুরী। বিভিন্ন মাদরাসা থেকে ‘এ’প্লাস প্রাপ্তদেরকে নিয়মিত মনিটরিং ও কাউন্সিলিং-এর মাধ্যমে যোগ্য আলেম তৈরীর নানামুখী কৌশল উদ্ভাবন করতে হবে। সভাপতির বক্তব্য রাখেন- মাওলানা আ. ন. ম. হেলাল উদ্দীন।

অনুষ্ঠান শেষে ২০০ জন কৃতি ছাত্র-ছাত্রীকে ক্রেষ্ট ও পুরষ্কার প্রদান করা হয়।

এমবি