মহামারী করোনাভাইরাসের কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আগামী ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে এসে সেটি স্থগিত করা হয়।

শুক্রবার (১১ জুন) বিকেলে সভা করে এ সিদ্ধান্ত নেয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি। তাছাড়া সভায় আবেদনের শেষ সময়ও নির্ধারণ করা হয়েছে। তবে সভায় পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়নি।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ২৫ জুন পর্যন্ত করা হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদ্দুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, আগামী ১৯ তারিখ থেকে শুরু হওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করে ২৫ জুন করা হয়েছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ৩টি পরীক্ষা হবে। এর মধ্যে একটি পরীক্ষা হবে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য, আরেকটি মানবিকের জন্য এবং অন্যটি ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য। আগামী ১৯ জুন মানবিক বিভাগের, ২৬ জুন বাণিজ্যের ও আগামী ৩ জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

এমবি