স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিসহ অনুষদে প্রথম স্থান অর্জনের জন্য ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’ প্রদান করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আগামীকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রণী ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শাম্স-উল ইসলাম।

এবার ৬৪ জনকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, ৩ জনকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক ও ১ জনকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রসঙ্গত, স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিসহ অনুষদে প্রথম স্থান অর্জনের জন্য অগ্রণী ব্যাংক স্বর্ণপদক; দর্শন বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনের জন্য ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক এবং এমবিবিএস শেষ বৃত্তিমূলক (নিয়মিত) পরীক্ষায় প্রথম স্থান অর্জনের জন্য ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয়।

এমবিএইচ