রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাদশ সমাবর্তন আগামীকাল শনিবার। অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং গ্র্যাজুয়েটদের বরণ করে নিতে ক্যাম্পাস বর্ণিল রূপে সাজানো হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে শনিবার। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। অন্যরকম আমেজ তৈরী হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। বর্ণিল সাজে সেজেছে পুরো ক্যাম্পাস।

আগামীকাল বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সমাবর্তন হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি সভাপতিত্ব করবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবারের সমাবর্তন বক্তা ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক রঞ্জন চক্রবর্তী।

সমাবর্তনে নিবন্ধন করেছেন তিন হাজার ৪৩১ গ্র্যাজুয়েট। এর মধ্যে কলা অনুষদের ৬৬৬ জন, আইন অনুষদের ৮৯ , বিজ্ঞান অনুষদের ৩৭৭, ব্যবসায় শিক্ষা অনুষদের ৫০৫, সামাজিক বিজ্ঞান অনুষদের ৫৮১, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ৩১০, কৃষি অনুষদের ৮৫, প্রকৌশল অনুষদের ১৩৫ ও চারুকলা অনুষদের ৪৩ জন নিবন্ধন করেছেন। ইনস্টিটিউটগুলোর ছয়জন গ্র্যাজুয়েট স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রির জন্য নিবন্ধন করেছেন। এ ছাড়া এমবিবিএস ও বিডিএস ডিগ্রির জন্য যথাক্রমে ৫১১ ও ১২৩ জন নিবন্ধিত হয়েছেন।

সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে ব্যাপক শোভাবর্ধনের কাজ চলছে। সুষ্ঠুভাবে সমাবর্তন সম্পন্ন করতে সাংগঠনিক কমিটিসহ ১৬টি উপকমিটি কাজ করছে। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করতে ব্যস্ত সময় পার করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন রং করা হয়েছে। ক্যাম্পাসের গাছগুলো রাঙানোসহ বেশ কয়েকটি সড়ক সংস্কার ও ঝোপঝাড় পরিচ্ছন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে থেকে শহীদ ড. শামসুজ্জোহা চত্বর পর্যন্ত ফুটপাত ও বাগানটিতেও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সিনেট ভবন থেকে কাজলা ফটক পর্যন্ত প্যারিস রোডে ফুটপাত নির্মাণ করা হচ্ছে।

সৈয়দ আমীর আলী হলসংলগ্ন হেলিপ্যাড থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম পর্যন্ত সড়কে কার্পেটিং করা হয়েছে। জুবেরী ভবন ও শহীদ হবিবুর রহমান হলের মাঠে প্রস্তুত করা হয়েছে অতিথিদের গাড়ি পার্কিংয়ের স্থান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ কয়েকটি ভবন বৈদ্যুতিক রঙিন আলোকছটায় সাজানো হয়েছে।

সমাবর্তন উপলক্ষে পুরো ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স), পুলিশ, র‌্যাব, গোয়েন্দা বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কাবস্থানে রয়েছেন।

এদিকে, সমাবর্তনের সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে। এতে উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান বলেন, সমাবর্তন উপলক্ষে রাষ্ট্রপতি ও গ্র্যাজুয়েটরা বিশ্ববিদ্যালয়ে আসছেন। এ উপলক্ষে সবার কাছে বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিকে উপস্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে।

ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপাচার্য বলেন, অনুষ্ঠানের দিন ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। এদিন বহিরাগত কাউকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন।

অধ্যাপক আবদুস সোবহান আরো বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ক্যাম্পাসের সব দোকান বন্ধ থাকবে। শনিবার দুপুর আড়াইটা থেকে রাষ্ট্রপতি ক্যাম্পাস প্রস্থান পর্যন্ত আবাসিক হলগুলোর ফটক বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের হলে অবস্থান করতে হবে।