জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৫৩৮ কোটি ৭২ লাখ ৫৮ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

শনিবার সকালে সিনেট হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সিনেট অধিবেশনে অ্যাটর্নি জেনারেল খন্দকার মাহবুবে আলম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, মো. আব্দুল কুদ্দুস এমপি, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আসলাম ভূইয়া, মো. অধ্যাপক শরীফ এনামুল কবির, শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে দেশের বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রকাশ, বার্ষিক প্রতিবেদন, ২০১৫ সালের ১৩ জুন বার্ষিক ও ২৯ ডিসেম্বর বিশেষ সিনেট অধিবেশনের কার্যবিবরণী এবং ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত, ২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেট এবং ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী পেশ ও গৃহীত হয়। অনুষ্ঠানে বাজেট উত্থাপন করেন ট্রেজারের প্রফেসর মো. নোমান উর রশীদ।

উপাচার্য হারুন-অর-রশিদ বলেন,গত তিন বছরের প্রচেষ্টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ঘুরে দাঁড়িয়েছে। সেশনজট দ্রুত কমে আসছে। কলেজ শিক্ষার মানোন্নয়নে প্রায় ১৫শ কোটি টাকার ২টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্বল্প সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এদেশে এক নব অধ্যায়ের সূচনা ঘটবে।

এমআর