পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পাঁচটি নতুন বিভাগ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল নকীব চৌধুরী বিভাগ পাঁচটি উদ্বোধন করেন।

নতুন পাঁচটি বিভাগ হলো ইংরেজি, পরিসংখ্যান, নগর ও অঞ্চল পরিকল্পনা, ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং লোক প্রশাসন।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে এই নতুন বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

২০০৮ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হওয়া এই বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচটিসহ বর্তমানে মোট বিভাগ ১৯টি। চলতি শিক্ষাবর্ষে এসব বিভাগে ৮৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

উপাচার্য আল নকীব চৌধুরী বলেন, বিভাগগুলো আমাদের সমাজে দক্ষ জনশক্তি তৈরিতে অবদান রাখতে পারবে। কারণ দক্ষ জনশক্তি ছাড়া সমাজ অগ্রগতি লাভ করতে পারে না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে। পড়াশোনা শেষ করে নিজের দেশ, সমাজ ও জাতির উন্নয়নে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয়, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. ঘাবিবুল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল আলীম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. কামরুজ্জামান, প্রকৌশল অনুষদের ডিন সাইফুল ইসলাম ও বিজ্ঞান অনুষদের ডিন খায়রুল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষক রওশন ইয়াজদানী। অনুষ্ঠানে সব বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমকে