ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ক্লাস আগামী ২ মে থেকে শুরু হবে।
নতুন শিক্ষাবর্ষের সকল ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী স্ব-স্ব বিভাগে ক্লাস চালু হবে বলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় টিটু নামের এক শিক্ষার্থীর অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় দীর্ঘ চার মাস ক্যাম্পাস বন্ধ ছিল। গত ৪ এপ্রিল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে।
ইতিমধ্যে সকল বিভাগে ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় কোনো বিভাগে আসন ফাঁকা না থাকায় আগামী ২ মে থেকে সকল বিভাগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোসলেম উদ্দিন বলেন, ইতিমধ্যে সুষ্ঠুভাবে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২ মে থেকে সকল বিভাগে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্বোধনী অনুষ্ঠানের উদ্যোগ না থাকায় স্ব-স্ব বিভাগের আয়োজনে নবীনদের বরণ করে নেওয়া হবে বলে বিভিন্ন বিভাগ সূত্রে জানা গেছে।
কেএইচ





