অবশেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার ও বুধবার ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন কর্মকর্তা মোহাম্মদ আলী।
দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে কয়েক দফা পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েন হাজার হাজার শিক্ষার্থী। অবশেষে মঙ্গলবার থেকে এই পরীক্ষা শুরু হওয়ার সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় বি ইউনিট ও বিকেল সাড়ে ৩টায় সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ৬ মে সকাল সাড়ে ৯টায় ডি ইউনিট, দুপুর সাড়ে ১২টায় ই ইউনিট ও বিকেল সাড়ে ৩টায় এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬টি ইউনিটের ২১টি বিভাগে প্রায় সাড়ে ১২০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। আর এ বছর আবেদন করেছেন ৯০ হাজার ৪০২ শিক্ষার্থী।
মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালয় ভেন্যুসহ নগরীর ২০টি ভেন্যুতে (শিক্ষাপ্রতিষ্ঠানে) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর আসন বিন্যাসসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (ww.admission2014.brur.ac.bd) পাওয়া যাবে।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ভেন্যুসহ পরীক্ষার জন্য নির্ধারিত ভেন্যুগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে।
এআর





