বৃহস্পতিবার রাজধানীর সায়েন্সল্যাব মোড় এবং নীলক্ষেত কোথাও দাঁড়াতে পারেননি তারা।

এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দিকে যাওয়ার চেষ্টা করলে সেখানেও বাধা দেওয়া হয়েছে বলে রয়েছে অভিযোগ। যদিও ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকা কোটাবিরোধীরা মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিয়েছে।

কোটা বাতিলের দাবিতে গত ১ জুলাই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরপর গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। যদিও বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ।

এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

তবে শিক্ষার্থীরা আপিল বিভাগের এই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এরপর বৃহস্পতিবার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে রাস্তায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে আন্দোলনকারীরা সড়ক অবরোধ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা করেন। তাদের অভিযোগ, সেদিকে যেতে চেষ্টা করলেও তারা বাধার মুখে পড়েছেন।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম বলেন, সড়ক বন্ধ করে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এভাবে অবস্থান নিলে জনদুর্ভোগের সৃষ্টি হয়। এজন্য তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

এসএম