শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের কমপক্ষে ৬০ ভাগ লোককে কারগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ বর্হিবিশ্বের অনেক দেশে দেখা যায়, এ শিক্ষায় ৬৫ ভাগ মানুষ শিক্ষিত।

এ সময় দেশে শিক্ষক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকার মনোযোগ দিচ্ছে।

শনিবার বিকালে রাজধানীর আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিপিওএ) দ্বিতীয় জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৪ ভাগ ছেলে কারিগরি শিক্ষায় লেখাপড়া করছে। এ সংখ্যা বাড়ানোর লক্ষে সরকার কাজ করছে। বিপিপিওএ সভাপতি ইঞ্জিনিয়ার শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিপিপিওএ সম্পাদক সোহেলি ইয়াসমিন।

সোহেলি তার বক্তব্যে বলেন, সরকারি খাস জমি থেকে প্রতিটি বেসরকারি পলিটেকনিকের জন্য ১৫ থেকে ২০ কাঠা জমি বরাদ্দ দেওয়া হোক। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাস তৈরির জন্য যে ভূমি প্রয়োজন, তা এই মুহূর্তে আমাদের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেন, আমি নিজেও দুটি কারিগরি প্রতিষ্ঠানের মালিক। সমস্ত খরচ আমাকেই বহন করতে হয়। শিক্ষা মন্ত্রণালয় একটু আন্তরিক হলেই আমরা এ বিষয়ে উপকৃত হতাম।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রাইভেট পলিটেকনিক ছাড়া ভিশন-২০২১ বাস্তবায়ন সম্ভব নয়। কারিগরি বোর্ড বেসরকারি পলিটেকনিকের সাহায্য-সহযোগিতার আন্তরিকভাবে তৈরি।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস বলেন, সরকারি ও বেসরকারি পলিটেকনিকের যৌথ উদ্যোগে দেশকে এগিয়ে নিতে হবে। এ লক্ষে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর বলেন, অলাভজনক প্রতিষ্ঠানের প্রতি সরকারের এগিয়ে আসা উচিত। তবে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনে। কারণ সরকারের অর্থ অঢেল নয়। সরকারের অর্থ মানেই জনগণের অর্থ। তাই এ বিষয়ে একটি নীতিমালা হওয়া জরুরি।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ মোঃ নজরুল ইসলাম বাবু বলেন, বেসরকারি পলিটেকনিককে গুরুত্ব দিতেই হবে। কারণ তারা দেশ গড়ায় ভূমিকা রাখছে। তাদের সাহায্য-সহযোগিতায় সংশ্লিষ্টদের মনযোগী হওয়া উচিত।

এর আগে সকালে বিপিপিওএ-এর সাংগঠনিক সেশন ও গঠনতন্ত্র সংশোধনে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নতুন কমিটি গঠন করা হয়।
মেহেদি হাসান খাজা