‘বিবর্তনমূলক বাংলা অভিধান’ নামে নতুন একটি বাংলা অভিধান প্রকাশ করেছে বাংলা একাডেমি। সোমবার বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই অভিধানের মোড়ক উম্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রায় পৌনে ৩ বছরের কর্মপ্রচেষ্টায় ১২ জন ভাষা-গবেষক এই অভিধানটি তৈরি করেছেন।

এই অভিধানের মূল বৈশিষ্ট হচ্ছে, বাংলায় কোন শব্দ কবে, কখন বা কোন সালে এসেছে তার বিবরণ রয়েছে। যেমন, কর্ম শব্দটির বিবর্তন দেখানো হয়েছে এভাবে- কর্ম - কম্ম - কাম। কর্ম শব্দটি এসেছে সংস্কৃত থেকে। অর্ধতৎসমে তার রূপ হয়েছে কম্ম এবং তদ্ভবে হয়েছে কাম।

কর্ম শব্দটির মতো বাংলা ভাষার শব্দসম্ভারের বিবর্তন তুলে ধরা হয়েছে অভিধানটিতে।

অভিধানটির প্রকাশনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত  বলেন, ‘ইংলিশ থেকে একটি বাংলা অভিধান প্রণয়নে আমাদের সময় লেগেছে প্রায় ৩৫ বছর। আর মাত্র তিন বছরে আমারা বাংলায় সবচেয়ে বড় এবং সমৃদ্ধিশালী একটি অভিধান করতে পেরেছি, এটি খুবই গৌরবের।’

তিনি বলেন, ‘যেমন অক্ষর শব্দটি ১৫০০ শতাব্দীর। তুলনামূলকভাবে এটি খুবই কাছের সময়ের একটি শব্দ। অথচ আমরা জানতামই না, এটি কবে বাংলায় এসেছে।’

কই মাছ শব্দটি ১৬০০ শতাব্দীর জেনে অর্থমন্ত্রী বিষ্ময় প্রকাশ করেন। তিনি বলেন, এই অভিধান বাংলা ভাষায় নতুন মাত্রা যোগ করবে।

প্রফেসর ইমিরেটাস আনিসুজ্জামান বলেন, ‘এই অভিধান নিয়ে যা বলব, তা হচ্ছে, ‘এটি একটি অসাধারণ কাজ এবং এটা নিয়ে আমরা গর্ব করতে পারি। এই অভিধানে যা কিছু ত্রুটি বা অসমতা রয়েছে, তা দ্বিতীয় সংস্করণে সংশোধন করে আরো উন্নত করা সম্ভব হবে।’

‘বিবর্তনমূলক বাংলা অভিধান’তিন খন্ডে প্রকাশিত  হয়েছে। এর প্রতিখন্ডের মূল্য ১ হাজার টাকা। তবে মূল্যের ওপর ৩৫ শতাংশ ছাড় দিয়েছে বাংলা একাডেমি। অর্থাৎ এখন অভিধানটির তিন খন্ড একসঙ্গে কিনলে তা ১৯৫০ টাকা পড়বে।

এই অভিধানটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি প্রফেসর ইমিরেটাস আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, অধ্যাপক মাহবুবুল আলম, ড. জিনাত ইমতিয়াজ আলী, বাংলা একাডেমির সহযোগী সম্পাদক স্বরোচিষ সরকার প্রমুখ।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই