কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলনে পুলিশের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী আবু বকর সিদ্দিক গুরুত আহতের খবরে মধ্য রাতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (০৮ এপ্রিল) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হলে পরবর্তীতে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিলে সমবেত হতে থাকে।
পরে বিনোদপুর গেট দিয়ে বের হয়ে রাবির প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
রাত আড়াইটার দিকে আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মাসুদ মোন্নাফ নিহত হওয়ার ঘটনাটি মিথ্যা জানিয়ে শিক্ষার্থীদেরকে আবাসিক হলগুলোতে ফিরে যেতে অনুরোধ জানান। এসময় মহাসড়ক ছেড়ে দিয়ে শিক্ষার্থীরা হলগুলোতে ফিরে যায়।
এর আগে রাত ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকের তালা ভাঙতে চেষ্টা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় টায়ার জালিয়ে স্লোগান দিতে থাকেন তারা। প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।
এর আগে দুপুর সাড়ে বিকেল ৪ টা থেকে রাত পৌনে ৯ টা পর্যন্ত প্রথম দফায় অবরোধ করে রাখা হয় সড়কটি। ওই সময় যান চলাচল বন্ধ থাকে।
রোববার (০৮ এপ্রিল) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। পরে আন্দোলনকারীরা দুপুর আড়াইটায় ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়।
ফাঁকা গুলি, টিয়ারশেল ও লাঠিচার্জ করে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান নেয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলে আসছে। ওই আন্দোলনের অংশ হিসেবে ১৪ মার্চ ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিতে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশি ধরপাকড় ও আটকের শিকার হয় তিন আন্দোলনকারী। এরপর আরো বেশ কয়েকটি কর্মসূচিতে রাস্তায় নামে আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি হলো- সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।
এমবি





