শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়ে যেকোনো নৈতিক আন্দোলনে এখন অন্যতম প্রিয়মুখ হয়ে দাঁড়িয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম ধ্রুব।

বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করা এই ছাত্রনেতার অতীত স্বাক্ষী দেয় অন্যায়ের কাছে মাথা নত না করার। শিক্ষাথীদের মৌলিক দাবী পূরণের যেকোনো নৈতিক আন্দোলনে এস.এম. ধ্রুব থেকেছেন সম্মুখ কাতারে। ভদ্র রাজনীতিতে বিশ্বাসী এই ছাত্রনেতা তার বিভিন্ন গুণাবলীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবার মন জয় করে নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যেকোন সমস্যায় সবসময় পাশে থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি । তার নেতৃত্বে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তিকালীন শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়া অযৌক্তিক অতিরিক্ত ভর্তি ফি বাতিল করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার ফলে উক্ত শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর ভর্তি হতে অন্যবারের চেয়ে প্রায় সাত হাজার নয়শ টাকা কম লাগে ।

গত ৮ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের এলাকায় সকল ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার বিরুদ্ধে তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শক্ত অবস্থান নিয়ে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেয়। এজন্য তিনি বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন ।

২০১৭ সালের ১৮ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাত্র ২২ বছর ৩ মাস বয়সে নোবিপ্রবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সাকিব মোশাররফ ধ্রুব (এস.এম. ধ্রুব)।

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠনটির একটি সাংগঠনিক ইউনিট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০০৬ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম ক্ষুদ্র পরিসরে পরিচালিত হয়ে আসলেও ২০১৭ সালে প্রায় ১ যুগ পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে।

দক্ষিণ বঙ্গের প্রাচীন জেলা নোয়াখালীর একটি সম্ভ্রান্ত মুসলিম আওয়ামী পরিবারে ১৯৯৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী ছাত্র সমাজের এই নেতা । বাবা প্রফেসর আল হেলাল মোহাম্মদ মোশাররফ হোসেন নোয়াখালী জেলার একজন বিশিষ্ট শিক্ষাবিদ।

এস.এম. ধ্রুব নোয়াখালী জিলা স্কুলের একজন কৃতী শিক্ষার্থী হিসেবে অভিহিত করেন তার শিক্ষকেরা । সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা সহ অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমের শাখা-প্রশাখায় তার সব্যসাচী বিচরণের সূত্রপাত এখান থেকেই বলা চলে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন নোয়াখালী জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে ২০১০ সালে মাধ্যমিক এবং একই বোর্ডের অধীন নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০১২ সালে উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষাতেই কৃতিত্বের সাথে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর প্রথম বছরেই “উপকূলীয় অক্সফোর্ড” খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রাখেন তিনি। ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৯ম স্থান অর্জন করে ভর্তি হন ফার্মেসি বিভাগে। বর্তমানে তিনি উক্ত বিভাগের স্নাতক শেষ বর্ষের ফলাফল প্রত্যাশী।

বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সৌ্রভ তার সম্পর্কে বলেন, 'তিনি শিক্ষার্থী বান্ধব একজন মানুষ। ক্যাম্পাসের যেকোনো শিক্ষার্থীর বিপদে সবসময় তিনিই সবার আগে এগিয়ে আসেন। এরকম শিক্ষার্থী বান্ধব নেতা সকল ক্যাম্পাসে প্রয়োজন এবং আমরা ভাগ্যবান তার মত একজন মানুষকে আমাদের মাঝে পেয়ে । সত্যিকার অর্থেই তিনি এ বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা কারণ তার প্রত্যক্ষ অবদান ছাড়া কখনোই সম্ভব ছিলনা সদ্য প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক অঙ্গণে নবজাগরণের।তার এসব কার্যক্রম দ্বারা তিনি ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীদের জন্য অনুসরনীয় হতে পারেন।'

সাকিব মোশাররফ ধ্রুব’র ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ' জাতির পিতার আদর্শের রাজনীতি আমার রক্তে মিশে আছে। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া ও ছাত্ররাজনীতির দায়িত্ব শেষে যে অবস্থানেই থাকি না কেন দেশরত্ন শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হয়ে দেশের সেবায় নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিতে চাই। কারণ আমি বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সত্যিকারের লালন করা মানে কেবল গায়ে মুজিব কোট এবং মুখে জয় বাংলা স্লোগান তুলে ফেনা বের করা নয়, জাতির পিতার আদর্শকে লালন করতে হবে চেতনা এবং কাজে'।

আরাফাত/জেড