ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির এক্সটারনাল রিলেশন্সের প্রো-রেক্টর কারস্টেন স্নেইডার নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে আরও উপস্থিত ছিলেন স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক, বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড এবং ইন্টারন্যাশনাল অফিসের হেড ইসমত শিরিন।

২০২০ সালে দক্ষিণ এশিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কে যোগদান করে ব্র্যাক ইউনিভার্সিটি। ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক হলো বিশ্বজুড়ে শিক্ষাকে সমন্বিত করতে ওপেন সোসাইটি ফাউন্ডেশন দ্বারা একত্রিত হওয়া বৈশ্বিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি জোট।

সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির সঙ্গে এই চুক্তির মাধ্যমে ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের গ্লোবাল টিচিং ফেলোশিপ গ্রোগ্রামের সদস্যভুক্ত হলো ব্র্যাক ইউনিভার্সিটি। এই প্রোগ্রামের অংশ হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটি ২০২৩ এর আগস্টে শুরু হতে যাওয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো টিচিং ফেলো পেতে যাচ্ছে। এই ফেলোশিপের অর্থায়ন করবে ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক।

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল টিচিং ফেলোশিপ প্রোগ্রামের প্রথম টিচিং ফেলো হিসেবে যোগ দিচ্ছেন অস্কার পোলানস্কি। তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের ডক্টরাল শিক্ষার্থী এবং ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের সদস্য। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ল’-এ লিগ্যাল থিওরি এবং রিসার্চ মেথডোলজি নামে দুটি কোর্স পড়াবেন।

আনুষ্ঠানিক এই সফরে ব্র্যাক ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির ঊর্ধ্বতন নেতারা শিক্ষা পদ্ধতির উন্নয়ন ও টিচিং এবং লার্নিং সেন্টার প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ‘সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির সঙ্গে পার্টনারশিপ এবং ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের গ্লোবাল টিচিং ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিতে পারছি বলে আমরা অত্যন্ত আনন্দিত।'

এনএইচ