প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার দায়ে নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের আইন বিভাগের শিক্ষক রাজীব হাসানাত শাকিলকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খুলনা মহানগরীর সোসাডাঙ্গা মডেল থানা পুলিশ শাকিলকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আদালতে প্রেরণ করে।

এর আগে বৃহস্পতিবার সকালে শিক্ষক রাজীব হাসানাত শাকিলকে আসামি করে সোনাডাঙ্গা থানার এসআই আহম্মেদ আনোয়ার বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ আহম্মদ জানান, চলতি বছরের জানুয়ারি মাসে নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের শ্রেণী কক্ষে পাঠদানের সময় শিক্ষক রাজীব হাসানাত শাকিল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করেন। এ ঘটনায় বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে একটি মামলা হয়। নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষক রাজীব হাসানাত শাকিল ও ক্যাম্পাস ইনচার্জ অধ্যাপক ড. আনোয়ারুল করীমকে বিবাদী করে এ মামলা করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক বাদী হয়ে মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, মামলার পর বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষক রাজীব হাসানাত শাকিলকে নর্দার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আটক করে থানায় নিয়ে পরে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

তার আগে এই শিক্ষক এবং ক্যাম্পাস ইনচার্জকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, শিক্ষক রাজীব হাসানাত কটুক্তি করলে ওই ক্যাম্পাসের আইন বিভাগের ছাত্র মো: নাঈম প্রতিবাদ করেন এবং ক্যাম্পাস ইনচার্জকে জানালে কোন প্রতিকার না করে বরং তাকে হয়রানি ও ছাত্রত্ব বাতিল করা হয় এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি।

ওসি বলেন, শিক্ষক রাজীব হাসানাত শাকিলকে আসামি করে সোনাডাঙ্গা থানার এসআই আহম্মেদ আনোয়ার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা করেন। মামলায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তির অভিযোগ আনা হয়েছে।

পরে খুলনার জেলা প্রশাসন পুলিশের সহয়তায় নর্দার্ন ইউনিভার্সটির খুলনা ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে ছাত্র/ছাত্রীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয়। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই