বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে প্রশ্নপত্র আর ফাঁস করা সম্ভব হবে না বলে আশা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই প্রেক্ষাপটে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই আশার কথা বলেন শিক্ষামন্ত্রী।

সারা দেশে ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে আজ সকাল ১০টা থেকে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন।

এবার এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের পরীক্ষা আগে হচ্ছে। পরে হচ্ছে সৃজনশীল অংশের পরীক্ষা। দুই অংশের পরীক্ষার মাঝে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকছে। এত দিন সৃজনশীল অংশ আগে হতো, পরে এমসিকিউ অংশ হতো।

ঘোষিত সময়সূচি অনুযায়ী এসএসসির তত্ত্বীয় পরীক্ষা আগামী ৮ মার্চ শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষা ৯ মার্চ থেকে শুরু হয়ে ১৪ মার্চ শেষ হবে।

এমকে