প্রবল ইচ্ছাশক্তি থাকলে মানুষের পক্ষে অনেক কিছুই যে সম্ভব তা আবার দেখিয়ে দিয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের রইচ উদ্দিন। অসাধ্যকে সাধন করায় তিনি পেয়েছেন গণসংবর্ধনা।
রইচ উদ্দিন কবে এসএসসি পাস করেছিলেন তা প্রায় ভুলেই গেছেন। সেটা ৪০ বছর আগের কথা। ৪০ বছর পর ৫৯ বছর বয়সে ২০১৪ সালে তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাসও করেছেন।
তার এই বিরল সাফল্যে অভিনন্দন জানাতে ভুল করেনি চিতলা ইউনিয়নের জনগণ। তাই বৃহস্পতিবার চিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ কার্যালয়ে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রইচ স্মরণ করিয়ে দিলেন, শিক্ষার কোনো বয়স নেই। বললেন, মানুষ চেষ্টা করলে যে কোনো বয়সে শিক্ষা লাভ করতে পারে। তার এ সাফল্য ঝরেপড়া শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন, শাহজাহান রেজা, নুরুল ইসলাম, কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আকতার হোসেন, প্রধান শিক্ষিকা মাকসুদা মালিক। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে রইচ উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনার জবাবে রইচ উদ্দিন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এখন তার ওপর দায়িত্ব বেড়ে গেলো। আগামীতে পড়ালেখার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





