রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মুখোশধারী দূর্বৃত্তদের হামালয় দুই শিক্ষক আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে মুখোশধারী সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে ঢুকে দুই শিক্ষকের ওপর হামলা চালায়। এ সময় তাদের হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে ডরমেটরিতে ভাঙচুর করে বীরদর্পে চলে যায় সন্ত্রাসীরা।
আহত শিক্ষকরা হলেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান রিপন ও রসায়ন বিভাগের শিক্ষক এইচ এম তারিকুল ইসলাম।
আহত শিক্ষক মোস্তাফিজুর রহমান রিপন বলেন, মুখোশধারী সন্ত্রাসীরা ডরমেটরিতে ডুকে তাদের দু'জনকে কুপিয়ে আহত করেছে। এসময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনো সাহায্য করেনি। শিক্ষকদের মধ্যে একজনের পায়ে কোপ লেগে মারাত্মক জখম হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বুধবার দিবাগত মধ্যরাতে অনশনরত শিক্ষার্থীদের ওপরও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় আহত হন- শাহজাহান, রকি, সাদ্দাম, সাহেদ, ইমরান, উজন ও দেবাশীষ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাসহ ৮ দফা দাবিতে বুধবার সন্ধ্যা ৬টা থেকে ক্যাম্পের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে আমরণ অনশন শুরু করেন সাধারন শিক্ষার্থীরা।
অপর আহত শিক্ষক এইচ এম তারিকুল ইসলাম জানান, গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্তরা অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। এর পর তারা শিক্ষকদের বাসার (ডরমেটরি) দিকে এসে তাকে ও তার সহকর্মীকে আক্রমণ করে।
আহত শিক্ষার্থীরা জানান, নিরাপত্তার জন্য তারা প্রক্টরিয়াল বডির কাছে লিখিত চিঠি দিয়েছিলেন কিন্তু তারা নিরাপত্তার ব্যবস্থা না করে রাত সাড়ে ৮টায় উঠে যেতে বলেন। অনশন অব্যাহত রাখায় দুর্বৃত্তরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে তাদের ওপর হামলা করে। এ সময় পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে বিশ্ববিদ্যাল ক্যাম্পাস। এসময় অবিলম্বে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর অপসারণ দাবী করেছেন আন্দলনকারীরা।
কেএইচ





