ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফলে সারাদেশের সধ্যে প্রথম হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। জিপিএ-৫ পেয়েছে এই কলেজের মোট ১২০২ শিক্ষার্থী।

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমামুল হুদা টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চত করেছেন।

জানা গেছে, এবারের পরীক্ষায় এই কলেজের মোট ১২৬৩ শিক্ষার্থী অংশ নিয়েছিলো। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭৭০, বানিজ্য বিভাগের ৩৭৬ ও মানবিক বিভাগ থেকে ১১৭ শিক্ষার্থী অংশ নেয়।

এর মধ্যে বাংলা মাধ্যমে বিজ্ঞান বিভাগ থেকে ৬৪৫ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৩৫ জন, বাণিজ্য বিভাগ থেকে ৩৩৯ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৩১ জন এবং মানবিক বিভাগ থেকে ১১৭ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন।

ইংরেজী মাধ্যমে বিজ্ঞান বিভাগ থেকে ১২৪ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন ও বাণিজ্য বিভাগ থেকে ৩৭ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।

রাজশাহী: এবার রাজশাহী শিক্ষা বোর্ডে সেরা হয়েছে রাজশাহী কলেজ। এ কলেজ থেকে ৫৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

এ বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। বোর্ডে এবার পাসের হার ৭৮ দশমিক ৫৫ শতাংশ। গত পরীক্ষায় ছিল ৭৭ দশমিক ৬৯ শতাংশ। এর আগে ছিল ৭৮ দশমিক ৪৪ শতাংশ।

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডে শীর্ষে রয়েছে ফৌজদার হাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি কমার্স কলেজ।

চট্টগ্রাম বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুই-ই বেড়েছে। পাসের হার ৭০ দশমিক শূন্য ৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৬৪৬ জন।

গতবার পাসের হার ছিল ৬১ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ২৭২ জন।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৯ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া চট্টগ্রাম জেলার পাসের হার ৬৩ দশমিক ৯০ শতাংশ। চট্টগ্রাম মহানগরসহ জেলায় পাসের হার ৭১ দশমিক ১৭ শতাংশ।

বরিশাল: বরিশাল বোর্ডে সেরা হয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। তাদের পাসের হার শতভাগ। এছাড়া বরিশাল বোর্ডে দু’টি কলেজে কেউ পাস করেনি। এ কলেজ দু’টো হলো-পটুয়াখালী জেলার গুলি আওলিয়াপুর মডেল সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ ও পিরোজপুরের নেছারাবাদের দাইহারী মহাবিদ্যালয়।

বরিশাল বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৭৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২২২৫ জন।

এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৭৭৯ জন। এর মধ্যে ছেলে ছিল ২৮ হাজার ২৯৭ জন ও মেয়ে ২৭ হাজার ৪৮২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫৪ হাজার ৯১৫ জন। এর মধ্যে ছেলে ২৭ হাজার ৮৪১ ও মেয়ে ২৭ হাজার ৭৪ জন।

মোট পাস করেছে ৩৯ হাজার ৪০২ জন। এর মধ্যে ছেলে ১৯ হাজার ৬৯৩ জন ও মেয়ে ১৯৭০৯ জন।

বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা: ২০১৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ২ হাজার ৬শ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৭০ দশমিক ১৪।

ফলাফলের দিক থেকে কুমিল্লা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা ক্যাডেট কলেজ, দ্বিতীয় ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেছে কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

উল্লেখ, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এইচএসসি পরীক্ষায় ১শ ৭১টি পরীক্ষা কেন্দ্রে ৩শ ১০টি কলেজের ১ লাখ ৪ হাজার ৩শ ৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৫০ হাজার ৫শ ৯৯ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৬ জন ছাত্রী।

সিলেট: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া এমসি কলেজ ২০৮ জন ও সিলেট সরকারি মহিলা কলেজের ১৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ বছর সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ১৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ১৩ শতাংশ। গতবছর ১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে দশমিক ৩ শতাংশ। জিপিএ-৫ বেড়েছে ৫৩৫টি।

এ বছরও সিলেট বোর্ডে মেয়েদের পেছনে ফেলে এগিয়ে রয়েছে ছেলেরা। এবার ২৬ হাজার ২৮৪ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২০ হাজার ৮১৫ জন। তাদের পাসের হার ৭৯ দশমিক ১৯ শতাংশ। ৩১ হাজার ২৭৭ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪ হাজার ৭৫৩ জন। তাদের পাসের হার ৭৯ দশমিক ১৪ শতাংশ।

দিনাজপুর: পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এবার পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর। দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ ও তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুর হলি ল্যান্ড কলেজ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে পাশের হার ৭৪ দশমিক ১৪ শতাংশ। এবার পরীক্ষায় ৯৮ হাজার ২৮৭ জন অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৪ জন।

এ বোর্ডে গতবারের চেয়ে ফলাফল ভাল হয়েছে। গত ২০১২ সালের এইচএসসিতে এই বোর্ডে পাশের হার ছিল ৭১ দশমিক ৯৪ শতাংশ।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ