ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইনাম-উল-হক আর নেই। শনিবার রাতে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দীর্ঘদিন তিনি লিভারজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। চট্রগ্রামের সীতাকুন্ডের গুপ্তাখালি গ্রামে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে শোকহত ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার।

প্রফেসর ড. মুহাম্মদ ইনাম-উল-হক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ১৯৯৫ সালের ৯ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি ৫টি ভাষায় (বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি ও উর্দূ) পারদর্শী ছিলেন।

শিক্ষকতার পাশাপাশি তার গবেষণামুলক ৮টি গ্রন্থসহ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে বহু আর্টিকেল প্রকাশিত হয়েছে। তিনি বিএনসিসি কর্নফুলী রেজিমেন্টের মেজর ও কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদ, এসিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি ও কলকাতার পশ্চিম বাংলা ইতিহাস পরিষদের আজীবন সদস্য ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইনাম-উল-হক এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার ও নিজের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বার্তা প্রেরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, আরো শোক প্রকাশ করেছেন ইবি শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন গ্রীণ ফোরাম, জিয়া পরিষদ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির নেতৃবৃন্দ।

শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে রোববার বাদ যোহর মরহুম ইনাম-উল-হকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এআর