শিক্ষার্থীদের জুতা ধুয়ে পানি খাওয়ানোর অপরাধে দায়ের হওয়া শিশু নির্যাতন মামলায় ঝালকাঠিতে মনিরুজ্জামান (৫৫) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিক্ষক মনিরুজ্জামান শহরের বিকনা এলাকার মৃত. আনোয়ার হোসেনের ছেলে ও বিকনা দ্বীনিয়া মহিবুল্লাহ মাদরাসার শিক্ষক।
পুলিশ জানিয়েছে, গত ২৮ জানুয়ারি ঝালকাঠির শহরতলির বিকনা দ্বীনিয়া মহিবুল্লাহ মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রদের অঙ্কে ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে বলেন শিক্ষক মনিরুজ্জামান। অনেকে লিখতে পারলেও নাছিরুল্লাহ ও একই শ্রেণির যুবায়েরসহ কয়েকজন লিখতে পারে নাই। যারা লিখতে পেরেছে তাদের জুতা ও পা ধোঁয়া পানি জোর করে শিক্ষার্থী নাছিরুল্লাহ ও যুবায়েরসহ অন্যদের পান করায় শিক্ষক মনিরুজ্জামান। এসময় ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাছিরুল্লাহ ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার রুহুল আমিনের ছেলে। এঘটনায় ওই শিক্ষার্থীর মা সাহিদা বেগম বাদি হয়ে শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা করেন।
মাদরাসার প্রধান শিক্ষক আবদুল্লাহ বলেন, ঘটনার পর মাদরাসা পরিচালনা কমিটির সাথে আলোচনা করে সভা ডাকা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া শিক্ষক মনিরুজ্জামানকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিসিদ্দিক





