নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের চারটি সমাপনী পরীক্ষার ফলাফল আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) প্রকাশিত হতে যাচ্ছে।
পরীক্ষাগুলো হচ্ছে- অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি)।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ওইদিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেয়া হবে। পরে দুপুরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল প্রকাশ করবেন।
চলতি বছরের (২০১৯) জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন।
এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন।
আর ১৭ নভেম্বর শুরু হয় পিইসি ও ইইসি পরীক্ষা। এতে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ শিক্ষার্থী অংশ নেয়।
এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ ও ইবতেদায়ি সমাপনীতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ ছাত্রছাত্রী ছিল।
এমবি





