জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ব্যাবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন উত্তরা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোঃ মতিউর রহমান। এ বৃত্তি দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় ভিসিসহ কর্তৃপক্ষের কাছে মৌখিক আবেদন জানান তিনি।

শনিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে জবি স্বান্ধ্যকা‌লীন এম‌বিএ প্রোগ্রামের ও‌রিয়েন্টেশান অনুষ্ঠানে বিশেষ অ‌তি‌থির বক্তব্যে এ আবেদন জানান তি‌নি।

এসময় তিনি বলেন, আমি নিজে খুব বেশি পড়াশুনা করতে পারিনি। এখানে আমার ছেলে আমার সাথে এসেছে, সে উচ্চ শিক্ষা অর্জন করেছে। আমি বলতে চাই, গরিব মেধাবী শিক্ষার্থীরা যেন আমার ছেলের মত উচ্চ শিক্ষা অর্জন করতে পারে তাই আমি তাদের পাশে দাঁড়াতে চাই।

তিনি আরো বলেন, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিতে চাই। আমি আমার পরিবারের যে কোন একজন ব্যক্তির নামে একটা ট্রাস্ট করবো যেটা থেকে শিক্ষার্থীরা প্রতিবছর একটা অংকের আর্থিক সহায়তা পাবে।

জ‌বি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন,আপনাকে স্বাগতম। আপনাকে আমার অফিসে নিমন্ত্রন করছি । জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও উত্তরা গ্রুপের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হবে এবং পরবর্তীতে একটি চেক হস্তান্তর অনুষ্ঠানও হতে পারে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আপনি আমাদেরকে একটা ফান্ড দিবেন এখান থেকে যে লভ্যাংশ আসবে তা দিয়ে উত্তরা গ্রুপ অব কোম্পানির নামে একটি বৃত্তি আকারে প্রদান করা হবে ।যা পাবে বিজনেজ স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা।

বিজনেজ স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান সভাপতির বক্তব্যে এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তবে আমাদের শিক্ষার্থীরা যদি আপনার গ্রুপ অব কোম্পানিতে কাজ কারার সুযোগ পায় এবং ইন্টার্ণশিপ করার সময় যদি আপনি কিছুটা সহায়তা করেন তাহলে সেটা আরো বেশি ফলপ্রসু হবে মন্তব্য করেন তিনি।

এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক সে‌লিম ভূঁইয়া, হি‌সাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আলীনুর প্রমুখ।

নাজমুল/নাজিব