প্রকৃতির এক অপরুপ সৌন্দর্যের নাম প্রজাপতি। সে নিজে যেমন সুন্দর তেমনি তার হরেক রঙের বর্ণচ্ছটায় প্রকৃতিকেও রাঙায় রংধনুর ন্যায়। উদ্বেলিত করে মানুষের মন, নজর কাড়ে সব বয়সী মানুষের। তাইতো গাছে-গাছে, ফুলে-ফুলে, লতায়-পাতায় উড়ে বেড়ানো প্রজাপতি দেখতে বোধকরি সবারই ভালো লাগে। সবারই ইচ্ছা হয় প্রজাপতিকে ধরতে। দুরন্তপনা প্রজাপতির সাথে দুরন্তপনায় হারিয়ে যেতে। সেজন্যই ইট-কাঠের এই যান্ত্রিক নগরীর মানুষগুলোকে কিছুটা সময়ের জন্য দুরন্তপনার স্বাদ পাইয়ে দিতেই আগামী ৪ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “প্রজাপতি মেলা ২০১৬।”

“উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত শাখার আয়োজনে বিভাগের চেয়ারম্যান ও প্রজাপতি গবেষক অধ্যাপক ড. মনোয়ার হোসেন তুহিনের তত্ত্বাবধানে সপ্তমবারের মতো আয়োজিত হচ্ছে এ মেলা।

মেলার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, “টানা সপ্তমবারের মতো প্রজাপতি মেলার আয়োজন করতে পেরে ভালো লাগছে। মেলার নতুন আকষর্ণ হিসেবে এ বছর প্রথমবারের মতো প্রকৃতি ও প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা মূলক ব্যানার, ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। এবারের মেলায় প্রায় ৮৫ প্রজাপতির প্রদর্শনী থাকবে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং আরো জাকজমকপূর্ণভাবে আয়োজনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে বিশ্ববিদ্যালয়ের ঝোপঝাড় পরিষ্কার করার নামে বিভিন্ন সময়ে প্রাকৃতিক পরিবেশ ও প্রজাপতির আবাসস্থল ধ্বংস না করতে প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।”

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে। ইতোমধ্যে মেলাকে সামনে রেখে প্রজাপতির ছবিসংবলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন, শহীদ মিনার, পরিবহন চত্বর, বোটানিক্যাল গার্ডেনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

দিনব্যাপী এ মেলার অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে মেলা উদ্বোধন ও প্রজাপতি বিষয়ক এ্যাওয়াড প্রদান,প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), অরিগামি প্রজাপতি, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শনী ও পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ডীন আব্দুল জব্বার হাওলাদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনে-এর চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু এবং জনাব অসিত রন্জন পাল, বন সংরক্ষক, বাংলাদেশ বন বিভাগ ।

জীব-বৈচিত্র্য সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের প্রজাপতি মেলায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কে বাটারফ্লাই এ্যাওয়ার্ড প্রদান করা হবে। ইয়াং বাটারফ্লাই ইনথুসিয়াস্ট এ্যাওয়ার্ড প্রদান করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন খান কে । এছাড়াও থাকছে প্রজাপতির হাট দর্শন যেখানে থাকবে জীবন্ত প্রজাপতি, প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজনন ক্ষেত্র সহ উন্মুক্ত বাগান।

উল্লেখ্য, প্রজাপতি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা তুলে ধরে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দেশের একমাত্র প্রজাপতি মেলা।

আমিন/এমবিএইচ