ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষর্থীরা এই মানববন্ধনের আয়োজন করে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক বলেন, শিক্ষক কর্তৃক যৌন নিপীড়নের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, ন্যক্কারজনক ও নিন্দনীয়।এটি প্রকাশ করে ওই ছাত্রী সাহসী ভূমিকা পালন করেছে। ক্ষমতাসীন শিক্ষকরা তাদের ক্ষমতাবলে যৌন নিপীড়নের চর্চা করে থাকেন। এটি তারই একটি উদাহরণ।
থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাওগাতুল ইসলাম বলেন, সাতদিনের মধ্যে অভিযুক্ত সাইফুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে এই আন্দোলন চলবে।
অভিযুক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় অপরাজেয় বাংলা থেকে মশাল মিছিল বের করবেন শিক্ষার্থীরা। একইসঙ্গে রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলাকে কালো কাপড় দিয়ে মোড়ানো হবে।
মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিন্ডিকেটের জরুরি সভায় সোমবার রাতে যৌন হয়রানির অভিযোগে অধ্যাপক সাইফুল ইসলামকে সাময়িক বহিষ্কার করে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার সকাল থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলাভবনে সাইফুল ইসলামের অফিস কক্ষের সামনে অবস্থান নেন এবং তার ৬০০৩ নম্বর কক্ষে তালা লাগিয়ে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা খুলে সাইফুল ইসলামকে তার কক্ষে নিয়ে যান।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চেয়ারম্যান পদ থেকে একপর্যায়ে সরে দাঁড়ান অধ্যাপক সাইফুল ইসলাম। পাশাপাশি ছুটির জন্য আবেদনও করেন তিনি।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





