মেডিকেল ও ডেন্টালে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে ‘প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের’ কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানাকর্মসূচির মাধ্যমে ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বাস চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহা.মাইনুল হক। ফলে অধিকাংশ বিভাগে ক্লাস হয়নি বলে জানা গেছে।
তিনি আরো বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের ধর্মঘট চলছে তাই প্রশাসনের পক্ষ থেকে সকল গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষকদের যাওয়া আসার জন্য কেবল তাদের গাড়ি চালু রাখা হবে বলে জানান তিনি।
ধর্মঘট সফল করতে সকালে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূর্বের স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর শফিক রেজা, পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ নাসের, বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় নেতা উৎসব মোসাদ্দেক, রাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রী সাংসদের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, রাবি শাখা ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দীলিপ রায়, রাবি ছাত্রফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, সাধারণ সম্পাদক যারিফ অয়ন, প্রগতিশী ছাত্রজোটের সমন্বয়ক তাশনুভা তাহরীন প্রমূখ।
সমাবেশে বক্তারা মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে অবিলম্বে পরীক্ষা বাতিলের দাবি জানান। দাবি না মানা হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
এসএইচ





