জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জাতীয় তথ্যপ্রযুক্তি উৎসব ২০১৫ শুরু হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে ইনফরমেশন টেকনোলজি (আইটি) সোসাইটির উদ্যোগে গুগল বাস প্রদর্শন, গেমিং, প্রোগ্রামিং বিষয়ক ইভেন্টের মধ্যে দিয়ে এ উৎসব শুরু হয়।

দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের মূল পর্ব আগামীকাল শনিবার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

‘আইসিটি ফর এনভায়রনমেন্ট’ এ শ্লোগানে উৎসবের প্রথম দিন শুক্রবার আউটসোর্সিং, সাইবার ক্রাইম, থ্রিডি ও গেম ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এছাড়া গুগল বাস ছিল প্রশিক্ষণার্থীদের আগ্রহের কেন্দ্রমূলে। বাসটিতে থ্রিজি ইন্টারনেট সংযোগ সংবলিত মনিটর ও সাউন্ড সিস্টেম রয়েছে। অডিও-ভিডিওর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ইন্টারনেট ব্যবহারে দক্ষতা অর্জন, প্রকল্প তৈরি ও ব্যবসা পরিচালনা করার কৌশল রপ্ত করানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়।

এছাড়া গুগলের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে ধারণা দেয়া হয় এ বাসে। যেমন: গুগল সার্চ, ক্রোম, ডক্স, ম্যাপস, ইউটিউব, গুগল প্লাস ইত্যাদি। প্রযুক্তি উৎসবের দ্বিতীয় দিনে রয়েছে আইটি প্রজেক্ট প্রদর্শনী (মোবাইল অ্যাপস ও ওয়েব অ্যাপস), আইটি কুইজ এবং গেমিং প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড, প্রযুক্তিবিষয়ক নাটিকা এবং কনসার্ট। দেশের প্রায় ১০টি কলেজ ও ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করছে।

বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির পরিচালক ফজলুল করিম পাটোয়ারী বলেন, শিক্ষার্থীদের আইটি মনস্ক করতে এ যাত্রা এখান থেকে শুরু হয়েছে। ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এ ধরনের আয়োজনের সঙ্গে সংশিষ্ট করা হবে।

এসএইচ