ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল হাসানকে রিকশা থেকে ফেলে দিয়ে তার ল্যাপটপ নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।
সোমবার রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার রাশেদুল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র।
জানা যায়, রাত ১১টার দিকে রাশেদ টিএসসি থেকে রিকশায় করে তার হলের দিকে ফিরছিলেন। পথিমধ্যে ভিসি চত্বরের কাছাকাছি পৌঁছলে মোটরসাইকেলযোগে দু’জন তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
এরপর তার সঙ্গে থাকা ল্যাপটপটি নিয়ে তারা পালিয়ে যায়। ধাক্কা দেয়ায় রিকশা থেকে পড়ে গিয়ে আহত হন রাশেদ। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এআর





