প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে রোববার সকালে রাজধানীর ভিকারুননিসা স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলেও পরীক্ষা হলে প্রবেশ করেননি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এ সময় তিনি বলেন, সকল রাজনৈতিক দলের উচিত পরীক্ষার সময় পরীক্ষা বিঘ্নকারী কোনো ধরনের কর্মসূচি না দেয়া।

গত বৃহস্পতিবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, কেন্দ্র পরিদর্শনে গেলেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার হলে প্রবেশ করবেন না।

তাই তিনি ভিকারুননিসা স্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হল থেকে অনেক দূরে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, পরীক্ষা হলের ভিতরে গেলে বাচ্চাদের অসুবিধা হয়। হলের মধ্যে যাওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। হলের মধ্যে শুধু পরীক্ষার্থী, হল পরিদর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাই থাকবেন। অন্য কারও পরীক্ষা হলে থাকার বা যাওয়ার দরকার নাই।

কোচিং সেন্টার ও প্রশ্ন ফাঁস প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোচিং সেন্টার বন্ধে সরকার দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। তারপরও এগুলো বন্ধ হয়নি। তবে এবার প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, সারাদেশে রবিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে।

ইআর