১৯ নভেম্বর দেশব্যাপি পিএসসি ও ইবতেদায়ীর সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষায় খাগড়াছড়ির মানিকছড়ি কেন্দ্রের একটি কক্ষে ৩০ জন স্কুল পরীক্ষার্থীকে পরিক্ষা দিতে হয়েছে মাদ্রাসার ইবতেদায়ীর প্রশ্নে।

ফলে প্রশ্ন কমন না হওয়ায় নিজেদের ভাগ্য নিয়ে দুঃচিন্তায় পড়ে গেছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

অনুসন্ধানে জানা যায় মানিকছড়ি উপজেলার ৬টি কেন্দ্রে পিএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৮৭৭জন। এর মধ্যে ছাত্র ৮৪৭জন, ছাত্রী ১০৩০জন।

অন্যদিকে ইবতেদায়ী কেন্দ্র ৩টি। পরীক্ষার্থীর সংখ্যা ৬৮ জন। এর মধ্যে ছাত্র ৩৮ জন, ছাত্রী ৩০জন।

পরীক্ষার দিন উপজেলা রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়’ পিএসসি কেন্দ্রের ১১২ নং কক্ষের ৩০ জন শিক্ষার্থী যথাক্রমে রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন, দক্ষিণ হাফছড়ি পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের ১০জন ও মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮জন শিক্ষার্থীর মাঝে ইবতেদায়ীর ইংরেজি প্রশ্ন বিতরণ করেন পর্যবেক্ষকরা।

এতে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে প্রশ্ন কমন না হওয়ায় প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে একধিকবার কর্তব্যরত শিক্ষকদের কাছে বললেও শিক্ষকরা বিষয়টি আমলে নেয়নি।

ফলে মাদ্রাসার ইবতেদায়ী প্রশ্নেই পরীক্ষা দিতে হয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের। পরীক্ষা শেষে ওই কক্ষের ছেলে-মেয়েরা অভিভাকদের কাছে এসে কান্নাকাটি শুরু করলে বিষয়টি জানাজানি হয়।

খবর পেয়ে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শুভাশীষ বড়ুয়া ছুঁটে আসেন এবং ঘটনা ধামাছাপা দিতে মরিয়া হয়ে উঠেন। এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের পাস করিয়ে দেবেন বলে নিশ্চয়তা দেন।

এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ক্ষতিগ্রস্থদের অভিভাবকরা জানান, এই ঘটনার জন্য কর্তৃপক্ষের অবহেলাই দায়ী। এসময় তারা অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।

এ প্রসঙ্গে জানতে চাইলে হল সুপার মো. আকবর আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুলবশত এমন ঘটনা ঘটেছে। এছাড়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সরকারি অফিসার যিনি প্রশ্ন গ্রহণ করেছেন তিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হকের অসচেতনতার কারণেই এমনটি ঘটেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়ার কাছে জানতে চাইলে তার ব্যাক্তিগত মুঠোফোনে সংযোগ পাওয়া যায় নি।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি:) জাহিদ ইকবাল বলেন, লক্ষ্মীছড়ির ৪টি কেন্দ্রে পরীক্ষা থাকায় যথা সময়ে মানিকছড়ি যাওয়া সম্ভব হয়নি। এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানান তিনি।