২০১৯ সালের আগে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার দুপুর ১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের ‘চার দশক পূর্তি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার সংবাদ সম্মেলন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সংবাদ সম্মেলনে তিনি যেসব কথা বলেছেন সেগুলো অবাস্তব। বাস্তব হলো, হয়ত তার দলের লোকজনই মনে করে তার এসব কর্মসূচি হল পিছুটানের কর্মসূচি।’
তিনি বলেন, ‘খালেদা গাজীপুরের সমাবেশে যান নাই, চেষ্টাও করেন নাই। তারপর হরতাল দিয়েছেন, মানুষ গ্রহণ করে নাই। অর্থাৎ তার উপলব্ধি হয়েছে জ্বালাও-পোড়াও কর্মসূচি দিয়ে তিনি লাভবান হবেন না, তিনি সেটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন বলেই সাত দফা কর্মসূচি দিয়ে নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চেয়েছেন।’
সংলাপ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা অতীতে বারবার সংলাপের আহ্বান জানিয়েছি তিনি সাড়া দেননি। আমি মনে করি তাকে চারটি বছর অপেক্ষা করতে হবে। আগামী ২০১৯ সালের ৩১ জানুয়ারি আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। সেই সময় হয়ত সংলাপ হতে পারে। এখন তিনি যে সংলাপের কথা বলছেন সেটা বাস্তব সম্মত নয়।’
রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইলিয়াস আলী মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমান সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবীর, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপউপাচার্য অধ্যাপক আবুল হোসেন, সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রমুখ।
জেআই





