চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে `এ` ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা চলবে দুপুর সোয়া ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকালে শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়ে কেন্দ্রগুলোতে প্রবেশ করে ভর্তিচ্ছুরা। এ সময় মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেকে শিক্ষার্থীকে পরীক্ষা করা হয়।

এদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের সামনেই বিপুল পরিমাণ পুলিশ সদস্যের অবস্থান লক্ষ্য করা গেছে। তাছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছেন। এছাড়া দুপুর আড়াইটা থেকে অনুষ্ঠিত হবে জে ইউনিটের (ইঞ্জিনিয়ারিং অনুষদের) ভর্তি পরীক্ষা।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ৫৫১টি আসনের বিপরীতে ৩২ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। সে হিসেবে প্রতিটি আসনের জন্য লড়বেন ৫৯ জন প্রার্থী।

মাসুম/এআই