চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী দায়িত্ব গ্রহণ করবেন আজ সোমবার।
এর আগে গত ২ জুন বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি ড. ইফতেখার উদ্দিনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ প্রদান করেন।
সোমবার সকাল ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
এর আগে ড. ইফতেখার উদ্দিন চবির প্রোভিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ১৯৫৫ সালের ১ জুলাই চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭০ সালে প্রথম শ্রেণিতে এসএসসি, ১৯৭২ সালে প্রথম শ্রেণিতে এইচএসসি, ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন।
১৯৮২ সালে এ বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন ড. ইফতেখার। এর পর ১৯৮৮ সালে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৯৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান ড. ইফতেখার। ২০১৩ সালের ৩০ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পান তিনি।
এ ছাড়া অধ্যাপক ইফতেখার চবি সমাজতত্ত্ব বিভাগের সভাপতি, চবি শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, চবি ক্লাবের (শহর) সভাপতি এবং চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই শিক্ষাবিদ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় তথা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (ইউএসএ ফুলব্রাইট সিনিয়র স্কলার), সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয় (ইউএসএ ফুলব্রাইট সিনিয়র স্কলার), ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়-বার্কলে (ইউএসএ), ইংল্যান্ডের গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয়, ডেনমার্কের অলবর্গ বিশ্ববিদ্যালয়, জাপানের ওসাকা সিটি বিশ্ববিদ্যালয়, জাপানের কোবে গাকুইন বিশ্ববিদ্যালয়, জাপানের রিউকু বিশ্ববিদ্যালয়, জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বহু খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর/স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি ইউএনডিপি, ইউএনসিএইচআর, ডিএফআইডি, ইউএসআইডিসহ বহু আন্তর্জাতিক সংস্থা পরিচালিত বিভিন্ন প্রকল্পের পরামর্শক ও গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশি ও আন্তর্জাতিক জার্নালে তার বহু প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে।
এমকে





