রেজিস্টার্ড নার্সদের সংগঠন বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট সোসাইটির (বিবিজিএনএস) সহসভাপতি রাজীব কুমার বিশ্বাস বলেছেন, চার বছর মেয়াদী বিএসসি নার্সদের অবিলম্বে নিয়োগ না দিলে রেজিস্টার্ড নার্সরা আমরণ অনশনে যাবে।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্প্রসারিত হলে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনশন কর্মসূচির কথা জানান।
বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট সোসাইটি (বিবিজিএনএস), বাংলাদেশ ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন (বিনা) ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন (বিবিজিএসএনএ) যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে অনেক শূন্যপদ থাকার পরেও রেজিস্টার্ড নার্সদের নিয়োগ দেওয়া হচ্ছে না। বার বার অবেদন নিবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। তাই দাবি আদায়ের জন্য আমাদেরকে অনশনের মতো কর্মসূচিতে যেতে হচ্ছে। দেশের জন্য কল্যাণকর কোনো সরকার রেজিস্টার্ড নার্সদেরকে কর্মহীন অবস্থায় বসিয়ে রাখতে পারে না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিনার সভাপতি নাহিদা আক্তার, বিবিজিএসএনএ সভাপতি নাছিমুল হক ইমরান, ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অরগানাইজেশনের সভাপতি এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এএইচ





