জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পেছনের এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম (২২)খুন হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় আমবাগানের হাবিব বিল্ডিংয়ের ভাড়া ফ্ল্যাটে এই খুনের ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি খুলনার রূপসায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পেছনে ইসলামপুরে হাবিবুর রহমানের ফ্ল্যাট বাড়িতে নিহত আশরাফুলের সঙ্গে জাবির আরও বেশ কয়েকজন ছাত্র সাত হাজার টাকায় ভাড়া থাকতেন।

তাদের মধ্যে জাবি’র নৃবিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী কাজী সাইফ ইমতিয়াজ জানান, বিকালে নিজ রুমে বন্ধুদের সঙ্গে আশরাফুল গল্প করছিলেন। সন্ধ্যার দিকে অপরিচিত দুই যুবক তাদের কক্ষে ঢুকে আশরাফুলকে ডেকে কক্ষের বাইরে নিয়ে যায়।

পরে তারা ফ্লাটের দরজা আটকে আশরাফুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কাজী সাইফ ইমতিয়াজসহ অন্য শিক্ষার্থীরা আশরাফুলকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান অনু বলেন, 'নিহত শিক্ষার্থীর গলায় ধারালো আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় তাকে জবাই করা হয়েছে।'

ঢাকা জেলার এএসপি কাজী আশরাফুল আজীম বলেন, 'আমরা হত্যাকাণ্ডের খবর পেয়েছি। আশরাফকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অপরাধীদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

কেএইচ