আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সোমবার পিএসসির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়ার জন্য যাদের শ্রুতলেখক প্রয়োজন, আগামী ৯ সেপ্টেম্বর পিএসসি বরাবর আবেদন করতে হবে।
পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদ মাধ্যমে ও পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেয়ার কথা জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন ও শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেয়া হবে। এছাড়াও ৪৩তম বিসিএসে নিয়োগ পাবে অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে ৩৮৩ জন।
এমআর





