চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শুক্রবার বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক ও সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মন স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার সময় শিক্ষকদের বহনকারী দুটি গাড়িতে হামলা চালিয়ে অন্তত ১৬ শিক্ষককে আহত করা হয়েছে।
একটি স্বাধীন দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা নজিরবিহীন।
আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ধিক্কার জানায় ওই সব শিক্ষার্থী নামধারী সন্ত্রাসীদের প্রতি।
এসব কর্মকাণ্ড ঘটিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে ওই সব ছাত্র নামধারী সন্ত্রাসীরা।
বিবৃতিতে তারা ঘটনার জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এই ঘটনার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন এবং সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





