নিজ বিভাগের ছাত্রীরকে যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. আবদুল হালিম পরামানিক সম্রাটকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়ছে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার সাথে সাথে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাৎক্ষণিকভাবে উপাচার্যের সাথে কথা বলেন এবং এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।
“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে।”
শিক্ষামন্ত্রীর নির্দেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ক্লাসের কথা বলে নিজ বিভাগের এক ছাত্রীকে ডেকে নিয়ে ওই শিক্ষক যৌন নিপীড়ন করেন বলে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ওই ছাত্রী বলেন, স্যার গত বুধবার বিকাল সাড়ে ৫টায় ফোন করে ক্লাসের জন্য তাকে বিভাগে আসতে বলেন। সন্ধ্যার দিকে তিনি বিভাগে এলে বিভাগীয় চেয়ারম্যান পরামানিক (সম্রাট) তাকে একাডেমিক বিষয়ে পরামর্শ দিয়ে ক্লাসরুমে বসতে বলেন।
“ক্লাসরুমে পরামানিক তাকে কু-প্রস্তাব দেন এবং লাঞ্ছিত করার চেষ্টা করেন এবং ঘটনার কথা কাউকে জানাবেন না বলে তাকে প্রতিশ্রুতি দেন।”
এ সময় ওই শিক্ষককে (পরামানিক) ধাক্কা দিয়ে ক্লাসরুম থেকে দ্রুত পালিয়ে আসেন ওই ছাত্রী।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান বলেন,“ শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক পদক্ষেপ অনুযায়ী সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে।এবং এ বিষয়ে তদন্ত চলছে।"
নাজমুল/জারিফ





