জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার থেকে শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে বিকাল পর্যন্ত।

১৯ নভেম্বর (এ ইউনিট) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, ২০ নভেম্বর (ডি ইউনিট) জীববিজ্ঞান অনুষদ, ২১ নভেম্বর (বি ইউনিট) সমাজবিজ্ঞান অনুষদ ও (এইচ ইউনিট) আইআইটি, ২২ নভেম্বর (এফ ইউনিট) আইন অনুষদ, (ই ইউনিট) বিজনেস স্টাডিজ অনুষদ ও (জি ইউনিট) আইবিএ-জেইউ এবং ২৩ নভেম্বর (সি ইউনিট) কলা ও মানবিকী অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ২০৩০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ২ লাখ ২০ হাজার ৩০১ জন ভর্তিচ্ছু। প্রতি আসনে লড়বে ১০৯ জন। সর্বোচ্চ আবেদন পড়েছে (বি ইউনিট) জীববিজ্ঞান অনুষদে। এই অনুষদের ৪৫০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৬ হাজার ৭৬৯ জন ভর্তিচ্ছু ।

এদিকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় ছেলেদের ১০৭ টি আসন কমিয়ে মেয়েদের জন্য ১৪৭ টি আসন বাড়ানো হয়েছে। এতে গত শিক্ষাবর্ষের তুলনায় মোট আসন বেড়েছে ৪০ টি। গত ১৪ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে মোট ১৯৯০টি আসনের মধ্যে ছেলেদের জন্য ছিল ১১৪৪টি ও মেয়েদের জন্য ৮৪৬টি আসন। এ বছর ছেলেদের ১০৭টি আসন কমিয়ে করা হয়েছে ১০৩৭টি। অপরদিকে মেয়েদের ১৪৭টি আসন বাড়িয়ে করা হয়েছে ৯৯৩টি। ফলে ছেলে-মেয়ে আসনের অনুপাত দাঁড়িয়েছে ৫১:৪৯।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়ের আবাসিক হলের সংখ্যা সমান। তাই তাদের আসনও প্রায় সমান করা হয়েছে।

রাইয়ান/এআই