সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ এর লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

১৭ টি জেলায় এই লিখিত পরীক্ষা শুক্রবার বিকেল ৩টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত চলবে। এ লিখিত পরীক্ষা ডিজিটাল পদ্ধতিতে প্রণীত প্রশ্নপত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষার কার্যক্রম মনিটরিং করার জন্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলাগুলো হলো- জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, বাগেরহাট, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, ভোলা ও পঞ্চগড়।

ইতোমধ্যে বৈধ সকল প্রার্থীদের পরীক্ষা সংক্রন্ত তথ্য মোবাইলের মাধ্যমে পাঠানো হয়েছে। এ ছাড়া অনলাইনের মাধ্যমে (www.dpe.teletalk.com.bd) প্রবেশপত্র ডাউনলোডের ব্যবস্থা করা হয়েছে।

ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট: dpe.gov.bd এ পাওয়া যাবে।

লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক্স ঘড়ি বা যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না।

যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত জিনিসপত্র সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।

অন্যান্য জেলাসমূহের পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তীতে অনুষ্ঠিত হবে। এসকল জেলাসমূহের পরীক্ষার তারিখ, সময় ও যাবতীয় তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এমকে