প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকদের একটি সংগঠন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিভাবক ঐক্য ফোরাম নামে ওই সংগঠনের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, “এ পরীক্ষা শিক্ষার্থীদের আদৌ কল্যাণ বয়ে আনছে না। বরং এ পরীক্ষার জাঁতাকলে পিষ্ট হয়ে কোমলমতি শিশুরা যেন বনসাই হয়ে বেড়ে উঠছে।”

“পরীক্ষার নামে শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এই পরীক্ষা শিশুদের দিচ্ছে অপ্রয়োজনীয় ও মূল্যহীন একটি সনদ।”

সমাপনী পরীক্ষার সুযোগে কোচিং বাণিজ্যের সম্প্রসার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দাবি আদায়ের জন্য কয়েকটি কর্মসূচিও ঘোষণা করে সংগঠনটি।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত স্কুলে স্কুলে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ, ২৫ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং ২ এপ্রিল মতবিনিময় সভা।

এ সময় অন্যদের মধ্যে ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি সেলিম উদ্দিন ও ফাহিম উদ্দিন, কার্যকরী সদস্য শওকত-উল আলম, আব্দুস সোবাহান, সোহেলী আক্তার তানি উপস্থিত ছিলেন।

এআইজে