বাংলালিংকের মোবাইল নেটওয়ার্ক সমস্যায় ভুগছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রায় আড়াই হাজারেরও অধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী। ক্লাস, পরীক্ষা এমনকি তাদের বাবা-মায়ের সাথে জরুরী কথা বলার সময় হঠাৎকরে লাইন কেটে যায়। ফলে তাদের দৈনন্দিন যোগাযোগে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে।
শিক্ষার্থীরা তাদের অভিযোগে বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশীর ভাগ ক্লাস রুমে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। যা পাওয়া যায় তাও আবার কথা স্পষ্ট শোনা যায় না। এছাড়াও কেন্দ্রীয় খেলার মাঠ, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ, বিশ্ববিদ্যালয়ের আশে পাশের এলাকায়ও একই সমস্যা বিদ্যমান।
শিক্ষার্থীরা বলেন, বাংলালিংক মোবাইল কোম্পানি তাদের নেটওয়ার্ক সেরা বলে বিভিন্ন ভাবে প্রচার করছে এবং দেশের সবখানেই নিজেদের নেটওয়ার্ক দারুণ সচল বলে দাবী করছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়সহ এর আশপাশের এলাকায় মোবাইল নেটওয়ার্কের ব্যাপক সমস্যা।
এসময় অনেক শিক্ষার্থীরা আক্ষেপ প্রকাশ করে বলেন, এই আধুনিক যুগে যদি বিশ্ববিদ্যালয়েরমত একটা গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের ফোনে সঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে না পারে, তাহলে এ দায় মোবাইল কোম্পানিকে বহন করতে হবে।
অনেক সময় দেখা যায় শিক্ষার্থীদের বাসা থেকে ফোন করলে অধিকাংশ সময়ই বন্ধ পায়। এই নেটওয়ার্ক সমস্যা ক্যাম্পাসে আর যেন না থাকে সেই দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা।
এমকে





