বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর নানা আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এসব কর্মসূচী পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারীর নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
এছাড়াও প্রক্টর, অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় বিভিন্ন বিভাগ, হল ও সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে অংশগ্রহন করে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো একই জায়গায় এসে শেষ হয়।
এর আগে প্রশসন ভবন চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এসময় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করণ ও বেলুন উড়ানো হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ৪১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘আজ ইসলামী বিশ্ববিদ্যালয় ৪১ তম বর্ষে পদার্পণ করল। ৪০ বছরে নানা চড়াই-উৎরাই পার করলেও সাফল্যের মুকুটে অনেক নতুন পালক যুক্ত হয়েছে। বর্তমান প্রশাসনের হাত ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চা, জ্ঞান বিতরন ও নতুন জ্ঞান সৃষ্টিতে নবজন্ম লাভ করেছে।’
এসময় তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইবে কাজ-কর্ম, আচরণ ও চিন্তা দিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করার আহবান জানান।
আলোচনা শেষে দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হবে। পরে বিকেলে বাংলা মঞ্চে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
নাহিদ/এম





