ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও মাদরাসা বোর্ডের আহবানে সারাদেশে একযোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের দাবীতে মানববন্ধন পালনের অংশ হিসেবে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন ফেষ্টুন,প্লে-কার্ড ও ব্যানার নিয়ে হাজার হাজার ছাত্র ও সম্মানিত শিক্ষকবৃন্দের উপস্থিতিতে মিরহাজীরবাগ প্রধান সড়কে অনুষ্ঠিত হলো বিশাল মানব বন্ধন।
সোমবার সকাল ১০টা থেকে ১১টা পযর্ন্ত এ মানব বন্ধন পালিত হয়।
মানববন্ধনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী শ্লোগান ও আলোচনা উপস্থাপন করা হয়। বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম কর্মীর উপস্থিতে আলোচনায় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম্। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের স্থান ইসলামে নেই। বস্তুত ইসলাম এসেছে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহত করে সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্য।

প্রধান অতিথি মাদরাসার মুহতারাম উপাধ্যক্ষ বরেন্য শিক্ষাবিদ ড. মুফতী মোহাম্মাদ আবু ইউছুফ খাঁন বলেন, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা একদল সৎ, যোগ্য, প্রতিভাবান ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করে যাচ্ছে, যারা সমাজে ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক অবদান রেখে যাচ্ছে। দেশের যে কোন প্রয়োজনে এখানে ছাত্র শিক্ষক ও অভিভাবকবৃন্দ সরকারের সাথে একান্তভাবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি বলেন, জঙ্গিবাদের বিরূদ্ধে সরকার জাতিকে যে এক ও অভিন্ন প্লাটফর্মে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে তার জন্য সরকারকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান। পাশাপাশি যারা ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে মানুষ হত্যার মত জঘন্যতম কাজ করছে তাদেরসহ তাদের মদদ দাতাকে দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় এনে প্রিয় মাতৃভূমিকে পুন:শান্তি ও শৃংখলা প্রতিষ্ঠার জন্য আহবান জানিয়ে মানব বন্ধনের সমাপ্তি ঘোষনা করেন।
এমবি





