গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি জীর্ণ দশার কারণে ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাশ করতে হচ্ছে শিক্ষার্থীদের।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়। নানা ত্রুটির কারণে বিদ্যালয় ভবনটি ২০০৬ সাল থেকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তবে অতিরিক্ত শ্রেণি কক্ষের অভাবে শিক্ষার্থীরা সেখানেই জীবনের ঝুঁকি নিয়ে লেখাপড়া করতে বাধ্য হতো। সম্প্রতি ভবনের চারপাশে বড় বড় ফাঁটল দেখা দেওয়ায় অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের চাপে বিদ্যালয় কর্তৃপক্ষ কিছুদিন আগে ওই ভবনটিতে লেখাপড়া বন্ধ করে দেন। বাধ্য হয়ে এখন খোলা আকাশের নিচেই লেখাপড়া চালানো হচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় কর্তৃপক্ষ বিদ্যালয়টির পরিস্থিতি জেনেও কেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি- তা জানতে চেয়ে আজ মঙ্গলবার বিকালে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি আগামীকাল বুধবার সরেজমিনে পরিস্থিতি দেখতে বিদ্যালয়ে যাবেন বলেও জানান।
জেআই





