ছুটি শেষে ক্যাম্পাসে এসেই ফের আন্দোলনরত শিক্ষকদের তোপের মুখে পড়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপচার্য অধ্যাপক ড. আমিনুল হক।
সোমবার সকাল থেকে তাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের অর্ধশতাধিক শিক্ষক।
আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে ভেতরে রেখেই তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন।
উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে তার অপসারণ দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওইসব শিক্ষক।
গত ২৪ এপ্রিল দুই মাসের ছুটিতে যান ড. আমিনুল হক। আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে আসলেই অধ্যাপক ড. শামসুল আলমের নেতৃত্বে আন্দোলনরত শিক্ষকরা তাকে অবরুদ্ধ করে ফেলেন।
উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন। তিনি জানিয়েছেন, শাবিপ্রবি ক্যাম্পাসে যে কোনও ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
জেআই





