জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘Chemistry for Health & Welfare’ স্লোগানকে সামনে রেখে ‘International Conference on Recent Advances in Chemistry (ICRAC)’ -এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান কনফারেন্সের উদ্বোধন করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও ICRAC -এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম এর সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং পৃষ্ঠপোষক হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রসায়ন সমিতির প্রেসিডেন্ট মো: আবুল করিম এবং বিজ্ঞান অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ উপস্থিত ছিলেন। ICRAC -এর সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: আমিনুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে ভারত, নেপাল, সৌদি আরব, জাপান এবং যুক্তরাজ্যের গবেষকসহ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক গবেষক ও শিক্ষক অংশগ্রহণ করছেন।
সোহেল/এমবি





